ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ এবার নাম লেখালেন টলিউডের সিনেমায়। কলকাতার প্রথম ছবিতেই সহশিল্পী হিসেবে পাচ্ছেন প্রসেনজিতের মতো গুণী অভিনেতাকে। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ূষী। সিয়াম জানালেন, নাম ঠিক না হওয়া এই সিনেমার শুটিং শুরু হবে আগামী আগস্ট মাস থেকে। চমকপ্রদ ব্যাপার হচ্ছে সিয়ামের গল্প-ভাবনা থেকেই তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।
প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এই ছবির প্রযোজক শ্যামসুন্দর দে’র সঙ্গে এক দেড় বছর ধরেই কথা বলছিলাম। উনি চাচ্ছিলেন ওখানকার সলো ছবিতে আমাকে নিয়ে কাজ করতে। কিন্তু মনের মতো গল্প পাচ্ছিলাম না। মূলত আমি চাচ্ছিলাম কলকাতায় প্রথম যে ছবিটা করব, তার সঙ্গে আমাদের দেশের দর্শকরাও যেন রিলেট করতে পারে। যেহেতু আমাদের আবেগ-অনুভূতি প্রায় একই ধরনের। সেই জায়গা থেকেই সোশ্যাল ড্রামার গল্প আমরা সিলেক্ট করেছি।’
সিয়াম আরও বলেন, ‘এটি একটি ফ্যামিলি ড্রামা। দুইটা জেনারেশনের মেলবন্ধন ঘটেছে এই গল্পে। গল্পটা শেয়ার করার পর ওনারা আমার গল্পটা লুফে নেন। আমার মূল ভাবনা থেকে চিত্রনাট্য তৈরি করছেন পদ্মনাভ দাশগুপ্ত।’
প্রসেনজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সিয়াম বলেন, ‘গল্পটা শেয়ার করার পর প্রসেনজিতও খুব পছন্দ করেন। ওনার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে এখনো কোনো কথা হয়নি তবে তিনি এর আগে যখন বাংলাদেশে এসেছিলেন তখন আলাপ হয়েছিল।’
উল্লেখ্য, এই ছবির মাধ্যমে সিয়াম যেমন কলকাতায় প্রথমবার কাজ করছেন তেমনি পরিচালক সায়ন্তন ঘোষালও প্রসেনজিতের সঙ্গে কাজ করছেন। ছবিতে প্রসেনজিতের বিপরীতে দেখা যাবে শ্রাবন্তীকে। প্রযোজনায় আছে শ্যাডো ফিল্মস ও রোডশো ফিল্মস।
