চুয়েটে আইটি ইনকিউবেটর উদ্বোধন কাল

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৭:০৫ এএম

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বুধবার গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনকে আরও সমৃদ্ধ করতে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সর্বপ্রথম এই আইটি ইনকিউবেটর স্থাপন করা হলো। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বব্যাপী বাংলাদেশের সুযোগ আরও অবারিত হবে এবং তাতে তথ্যপ্রযুক্তি খাতের আয় প্রত্যাশিত মাত্রা অর্জন সম্ভব হবে।

চুয়েট সূত্র জানায়, প্রকল্পের আওতায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৫ একর জমির ওপর ৫০ হাজার বর্গফুট আয়তনের ১০ তলা একটি ইনকিউবেশন ভবন এবং ৩৬ হাজার বর্গফুটের ৬ তলা একটি মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে। ইনকিউবেশন ভবনের মধ্যে রয়েছেÑ স্টার্টআপ জোন, আইডিয়া/ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রি-একাডেমিক জোন, ব্রেইন স্ট্রর্মিং জোন, ই-লাইব্রেরি, ডাটা সেন্টার, রিসার্চ ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, এক্সিবিশন/প্রদর্শনী সেন্টার, ভিডিও কনফারেন্সিং কক্ষ, সভাকক্ষ প্রভৃতি। উদ্যোক্তা ও গবেষকদের কাজের সুবিধার্থে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব, একটি মেশিন লার্নিং ল্যাব, একটি বিগ ডাটা ল্যাব, অপটিক্যাল ফাইবার ব্যাকবোন, একটি সাবস্টেশন ও সোলার প্যানেল রয়েছে। এছাড়া ব্যাংক ও আইটি ফার্মের জন্য পৃথক কর্নার, অত্যাধুনিক সাইবার ক্যাফে, ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, রিক্রিয়েশন জোন, মেকার স্পেস, ডিসপ্লে জোন, প্রেস/মিডিয়া কাভারেজ জোন, নিজস্ব পার্কিং সুবিধা প্রভৃতি। অন্যদিকে মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবনে ২৫০ জনের ধারণক্ষমতাসম্পন্ন সুসজ্জিত অডিটোরিয়াম এবং ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন পৃথক ৮টি কম্পিউটার ল্যাব কাম সেমিনার কক্ষ রয়েছে। প্রতিটি ২০ হাজার বর্গফুট আয়তনের ৪ তলা পৃথক দুটি (১টি নারী ও ১টি পুরুষ) ডরমিটরি ভবন নির্মিত হয়েছে। এগুলো নামকরণ করা হয়েছে শেখ জামাল ও রোজী জামালের নামে। প্রতিটি ডরমিটরিতে ৪০টি কক্ষ রয়েছে। এছাড়া দুুটি মিনি সুপার কম্পিউটার সংবলিত অত্যাধুনিক গবেষণা ল্যাব শিগগিরই স্থাপিত হতে যাচ্ছে।

চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ রাশেদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, “বুধবার সকাল ১০টায় ‘চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধনের (ভার্চুয়াল) সম্মতি জ্ঞাপন করেছেন।” প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে যুক্ত হবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও  যোগাযোগ প্রযুুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত