বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে বন্ধের নির্দেশনা ইউজিসির

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৭:০৮ এএম

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘র‌্যাগ ডে’ বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত রবিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪৫১৫/২০২২-এর একটি আদেশে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে সকল ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকান্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাইকোর্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওইসব কর্মকান্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।

ইউজিসি সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশনা কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে কমিশন কাজ করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই ধরনের নির্দেশনা দেবে কমিশন। দুই-এক দিনের মধ্যেই এ নির্দেশনা দেওয়া হতে পারে। 

গত ৭ এপ্রিল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’র নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। ১৭ এপ্রিল ৩০ দিনের মধ্যে ‘র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত