মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ব্যাংক হিসাবে টাকা স্থানান্তরের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাব থেকে ব্যাংক হিসাবে দৈনিক যত খুশি ততবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা। আগে এ সীমা ছিল ৩০ হাজার টাকা। তবে আগের মতো মোবাইল থেকে ব্যাংকে মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা স্থানান্তরের সুযোগ অপরিবর্তিত আছে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকরের পাশাপাশি আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এর ফলে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এছাড়া একজন গ্রাহক আরেকজনকে মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। দৈনিক একজন গ্রাহক ২৫ হাজার ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। আর এমএফএস হিসাবে জমা রাখতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা। ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠানো যাবে।
