বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে বন্যাদুর্গতদের সহায়তায় ১ কোটি টাকা অনুদান দিয়েছে রূপায়ণ গ্রুপ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মো. জহিরুল ইসলামের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর ও রাতুল প্রোপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সেন্ট্রাল অর্ডন্যান্স ডিপোটের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুল সালেকীন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা এ এস এম শায়খুল ইসলাম ও রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান।
জিওসি মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে জনগণের পাশে দাঁড়ায়। এবারের অধ্যায়টিও সেরকম। আমরা বাংলাদেশ সরকারের নির্দেশে এবং সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বন্যার্তদের সাহায্য করছি। মূলত ঢাকাতে আমরা রিলিফগুলো কো-অর্ডিনেশন করছি এবং আর্মি হেডকোয়ার্টারের মাধ্যমে বন্যাদুর্গতদের ত্রাণগুলো পাঠাচ্ছি। রূপায়ণ গ্রুপ অনেক দায়িত্ব নিয়ে যে পরিমাণ অর্থ সহায়তা করেছে সেটা বন্যাদুর্গতদের জীবনমান উন্নয়নে অনেক প্রভাব বিস্তার করবে। আমি অবস্থাসম্পন্ন ব্যক্তিদের প্রতি আহ্বান করি বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রূপায়ণ গ্রুপকে আমি আবারও ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, রূপায়ণ গ্রুপ প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাস মহামারী, শিক্ষা ও চিকিৎসা খাতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
