বন্যার্তদের সাহায্যে চায়না রেড ক্রসের ২ লাখ মার্কিন ডলার অনুদান

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:৫৪ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে চায়না রেড ক্রস দুই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। অনুদানের টাকা গ্রহণ করেন বিডিআরসিএস এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বুধবার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার চেক হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার, যা বাংলাদেশের কোভিড-১৯ কার্যক্রম এবং অন্যান্য দুর্যোগে-ত্রাণ প্রচেষ্টায় সহায়তার মাধ্যমে প্রমাণিত হয়েছে।  সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরসিএসসি প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে এবং চীন কীভাবে সার্বক্ষণিক বাংলাদেশের পাশে রয়েছে এটি তার আরেকটি উদাহরণ। ভবিষ্যতে, চীন বাংলাদেশের সঙ্গে দুর্যোগবিষয়ক ত্রাণ এবং জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যাতে আমাদের দু দেশের জনগণের কল্যাণ আরও দৃঢ় করা যায়।

বিডিআরসিএস’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব বলেন, আমরা ওই অঞ্চলে স্মরণকালে এমন বন্যা দেখিনি। লাখ লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং তাদের আশেপাশের প্রায় সব এলাকা প্লাবিত হওয়ায়, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দল  দুর্যোগপূর্ণ এলাকায় মানুষদের অনেক প্রয়োজনীয় শুকনো খাবার, রান্না করা খাবার, নিরাপদ সুপেয় পানি দিয়ে সাহায্য করছে। চীনের রেড ক্রস সোসাইটির এই অনুদান আমাদের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিআরসিএস এর ব্যবস্থাপনা পরিষদের সদস্য এম. মনজুরুল  ইসলাম ও মহাসচিব কাজী শফিকুল আযম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত