বেশির ভাগ বাড়িতে রোজের ভাতের পাতে থাকে মুগ বা মসুর ডাল। লুচি হলে সঙ্গে থাকে ছোলার ডাল। আর বিশেষ কোনো দিনে মাঝেমধ্যে মটর, বিউলি কিংবা অড়হর ডাল রান্না হয়। ডাল ছাড়া আমাদের খাওয়া হয় না। তবে অনেকে আছেন যারা দিনে তিন বেলাই ডাল খেতে পছন্দ করেন। ভাবেন শরীরে এই উপায় প্রোটিনের ঘাটতি পূরণ করা যাবে। পুষ্টিবিদদের মতে, কোনো কিছু বেশি পরিমাণে খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। বেশি মাত্রায় ডাল খেলে কী হয়, আসুন জেনে নেওয়া যাক
ডালজাতীয় শস্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। ফাইবার ডায়েটে রাখা ভালো, যা হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। কিন্তু বেশি মাত্রায় ফাইবার খেলে আবার বিপদ। মাত্রাতিরিক্ত ফাইবারের কারণে পেটের গোলমাল, আমাশার মতো সমস্যা হতে পারে।
ডালে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার দুই-ই থাকে। ডালজাতীয় শস্য বেশি পরিমাণে খেলে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। আর সেই পর্যাপ্ত পানি না পেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয়।
অনেকে মনে করেন, ডাল খেলে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয়। বিশেষত যারা নিরামিষ খান, তারা ডালের মাধ্যমেই শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করেন। তবে ডালজাতীয় শস্যে সম্পূর্ণ প্রোটিন থাকে না। এতে মিথিওনাইন নামক প্রোটিন থাকে না। তাই শরীরে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করতে শুধু ডালের ভরসায় থাকলে হবে না।
যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের ডায়েটে খুব বেশি ডাল না রাখাই ভালো। এতে মাইগ্রেনের সমস্যা আরও বেড়ে যেতে পারে।
