গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পাওনা আদায়ের মামলায় তাদের আইনজীবীর ১২ কোটি টাকা ফি নেওয়ার ঘটনার তদন্তের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। এই পি রমাণ ফি নেওয়া বাংলাদেশ বার কাউন্সিলের সংশ্লিষ্ট বিধানের পরিপন্থী উল্লেখ করে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ এ আবেদনটি করেন।
ওই আবেদনে ১২ কোটি টাকা ফি নেওয়ায় বার কাউন্সিলের বিধান লঙ্ঘন হয়েছে কি না, এর কোনো আইনি বৈধতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের আরজি জানানো হয়েছে। বিবাদী করা হয়েছে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব এবং কর্মচারী-শ্রমিকদের আইনজীবী ইউসুফ আলীকে। ড. ইউনূসের সঙ্গে আঁতাত করে গ্রামীণ টেলিকম থেকে আর্থিক সুবিধা নিয়ে শ্রমিক-কর্মচারীদের মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে সম্প্রতি আইনজীবী ইউসুফ আলীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। বিষয়টি হাইকোর্টের নজরে আসার পর গত ৩০ জুন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এক আদেশে শ্রমিক-কর্মচারীরা তাদের সমুদয় পাওনা যথাযথভাবে পাচ্ছেন কি না, সে বিষয়ে প্রতিবেদন চায়। একই সঙ্গে ১২ কোটি টাকার ফি নেওয়ার বিষয়ে উষ্মা প্রকাশ করে আদালত।
