দেশে নতুন রোগী কমলেও শনাক্ত হার বাড়ছে

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০১:১৮ এএম

দেশে করোনার নতুন শনাক্ত রোগী ও মৃত্যু কমলেও শনাক্ত হার ধীরে ধীরে বাড়ছে। গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৮ জন এবং মৃত্যু হয়েছে চার জনের। এর আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয় ৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২৩৩টি। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮৯ শতাংশে।

এর আগের দিন গত মঙ্গলবার এ হার ছিল ১৬ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত সোমবার এ হার ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ। এর আগে এর চেয়ে বেশি শনাক্ত হার ছিল ১০ ফেব্রুয়ারি ১৬ দশমিক ৯৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৫ জনের।

নতুন শনাক্ত ১ হাজার ৭২৮ জনের মধ্যে ১ হাজার ৭৪ জনই ঢাকা জেলার বাসিন্দাসহ ঢাকা বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন। এর বাইরে চট্টগ্রামে ২২০ জন, ময়মনসিংহে ৩৯ জন, বরিশালে ৭২ জন, রাজশাহীতে ৩৩ জন, খুলনায় ৫১ জন, রংপুরে ২২ জন ও সিলেটে ১৭ জন আক্রান্ত হন। এমনকি দেশের মোট ৫৫টি জেলায় গত এক দিনে নতুন রোগী শনাক্ত হয়। 

গত এক দিনে যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী। তাদের ৩ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত