মান্নান হীরা স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৯:০৯ পিএম

বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা প্রয়াত মান্নান হীরার ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আরণ্যক নাট্যদল প্রবর্তন করেছে ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’। বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথমবার আয়োজিত ‘মান্নান হীরা স্মারক বক্তৃতা’ প্রদান করেন শিল্প সমালোচক ও মুক্তিযোদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

বক্তৃতায় মফিদুল হক বলেন, মান্নান হীরা সামগ্রিকভাবে ছিলেন নাট্যচর্চায় নিবেদিত এবং বিশেষভাবে ছিলেন পথনাটকে সমর্পিত। তার মতো এমন একাদিক্রমে পথনাটকের চর্চা আর কেউ করেছেন বলে মনে হয় না। মুক্তিযুদ্ধের এক শ্রেষ্ঠ সাংস্কৃতিক ফসল বাংলাদেশের নাটকের নব-উত্থান। যুদ্ধ বিধ্বস্ত রক্তাক্ত দেশ যে আর সব শিল্পমাধ্যমের তুলনায় নাটকে অনেক বেশিভাবে খুঁজে পেল আপন অন্তরের রুদ্ধ আবেগ এবং স্বাধীনতার আকাশচুমি স্বপ্নসাধ প্রকাশের আকৃতি, সেটা তলিয়ে দেখার রয়েছে। নাটক একান্তভাবেই যৌথ শিল্প, বাংলাদেশের অভ্যুদয় যেমন যৌথতার এক অনন্য প্রকাশ।

বক্তৃতা শেষে মুক্ত আলোচনায় যোগ দেন কামালউদ্দিন কবির, জাহিদ রিপন, হারুন রশীদ, আজাদ আবুল কালাম, আহমেদ গিয়াস, অনন্ত হিরা, ফয়েজ জহির, মীর জাহিদ হাসান, মোমেনা চৌধুরী, শামীমা শওকত লাভলী, কাজী তৌফিকুল ইসলাম ইমন প্রমূখ নাট্যব্যক্তিত্ববর্গ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ স্বাগত বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠান শেষ হয় মান্নান হীরার সহধর্মীনী সৈয়দা নাদিরা অনুর বক্তব্যের মাধ্যমে।

প্রতিবছর মান্নান হীরার জন্মবার্ষিকীতে নিয়মিতভাবে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হবে জানায় আরণ্যক নাট্যদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত