নিখোঁজের চার দিন পর নদীতে সাংবাদিকের লাশ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:৩০ এএম

নিখোঁজ হওয়ার চার দিন পর কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) মরদেহ পদ্মার শাখা নদী গড়াই থেকে উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা বলছেন, সাংবাদিক রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ‘ক্রাইম ভিশন বিডি ডটকম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ছিলেন। কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার প্রয়াত হাবিবুর রহমানের ছেলে রুবেল ঠিকাদারিও করতেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, রুবেল গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে ছিলেন। মোবাইল ফোনে কারও কল পেয়ে তিনি অফিস থেকে বের হয়ে যান। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রুবেল নিখোঁজ হওয়ার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে। পরে গতকাল নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পরনের জামাকাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। সাংবাদিক রুবেলকে উদ্ধারের দাবিতে জেলার গণমাধ্যমকর্মীরা গত কয়েক দিন ধরে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে আসছিলেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুরে গড়াই নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরনের জামাকাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন মরদেহটি রুবেলের বলে শনাক্ত করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

উদ্ধারের পর রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

হাসিবুর রহমান রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছোট ভাই মাহবুবুর রহমান।

এ প্রসঙ্গে পাবনার ঈশ্বরদী নৌপুলিশের এসআই আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সাংবাদিক রুবেলের মরদেহের গলায় রশি প্যাঁচানোর মতো দাগ দেখতে পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত