বেগমগঞ্জে ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:৩১ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুবাহান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল বাশার (২৫) বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি গোপালপুর ইউনিয়নের কোটরা মহাব্বতপুর গ্রামের প্রয়াত আবুল বাশারের ছেলে।

ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে হত্যায় জড়িত অভিযোগে রকি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে বলা হয়, সাংগঠনিক কোন্দলের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগকর্মী হাসান ও মাসুমসহ সাত-আটজন ছুরি দিয়ে হাসিবের মাথা ও গলায় আঘাত করে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘সন্ত্রাসী হাসান ও মাসুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী। কয়েক দিন আগেও তারা একজনের হাত-পায়ের রগ কেটে দেয়। এ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি।’

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত