চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে তরুণকে হত্যা

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০১:৩৩ এএম

গাজীপুরে ভাড়া নিয়ে কথাকাটাকাটির জের ধরে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে এক তরুণকে হত্যা করেছে বাসচালকের সহকারী। ওই যুবকের নাম সায়েম (২০)। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গেটের অদূরে ঢাকা-শিববাড়ী সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাকওয়া পরিবহনের ওই বাসের চালক সফিকুল ইসলাম (২৬) ও তার সহকারী হীরা মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

নিহত সায়েম ময়মনসিংহ নান্দাইলের আওলাপাড়া গ্রামের মো. আবু সাঈদের ছেলে। তিনি পরিবারের সঙ্গে গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় আবদুল আলিমের বাসায় ভাড়া থাকতেন। তিনি একটি গ্রিলের ওয়ার্কশপে কাজ করতেন।

গ্রেপ্তার বাসচালক সফিকুল ইসলামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ থানার কুটিপাড়া এলাকায়। তার সহকারী হীরা মিয়া নেত্রকোনার মোহনগঞ্জ থানার মাগান এলাকার ফারিজ ওরফে হারিজ মিয়ার ছেলে।

সদর থানার এসআই সাঈদুর রহমান জানান, সায়েম শহরের জোড়পুকুরপাড় থেকে পশ্চিম বিলাসপুর যাওয়ার উদ্দেশে তাকওয়া পরিবহনের বাসে ওঠেন। পথে ভাড়া নিয়ে চালকের সহকারী হীরা মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাসটি শিববাড়ী মোড় পার হলে সায়েমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চালকের সহকারী হীরা মিয়া। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়েম। ঘটনার সঙ্গে সঙ্গে বাসটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জিএমপি হেডকোয়ার্টারের সামনে থেকে বাসসহ চালক ও সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

সায়েমের বাবা আবু সাঈদ বলেন, ‘আমার ছেলেকে বাসের চালক ও হেলপার বাস থেকে ফেলে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত