ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য সব চালকের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময় লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামে যাচ্ছেন, পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় শামিল হয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য সব গাড়িচালকদের প্রতি আমি আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করতে হবে। অনাকাক্সিক্ষত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।’
জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ড ভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চলাচল বন্ধ রাখার আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানির পশুর হাট রয়েছে তার পরিসর যাতে কোনোভাবেই বেড়ে না যায় সে বিষয়ে সংশ্লিষ্টরা নজরদারি করবেন।’
ঈদযাত্রায় সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ, সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই সবাই পরিবহনে, ঈদের ছুটিতে ও ফিরতি যাত্রায় মাস্ক পরিধান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।’
তিনি আরও বলেন, ‘সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে, তাই সবাইকে মাস্ক পরিধানসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’
কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথিমধ্যে নষ্ট হওয়ায় কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য যানজট দেখা দিলেও ত্বরিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা চলছে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। তিনি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদযাত্রা নির্বিঘ্ন করারও আহ্বান জানান।
