রাজধানীর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও তেজগাঁও এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫টি ব্লেড, ১২ কৌটা বিষাক্ত মলম, ৮টি মোবাইল ফোন সেট, ৮টি সিমকার্ড, ১টি চাকু ও ১টি এন্টিকাটার উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাব-৩’র স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস। তিনি জানান, সংঘবদ্ধ এই ছিনতাইকারীরা রাজধানীর অলিগলিতে ওঁৎ পেতে থাকে। বিশেষ করে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, তেজগাঁও, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আবদুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ ও বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি পরিলক্ষিত হয়।
র্যাব কর্মকর্তা জানান, সুযোগ পাওয়া মাত্রই পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।
