ব্যাংক খোলা আজও

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১:০৩ এএম

রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে আজ শনিবারও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেন‌দেন চলবে। কোরবা‌নির পশুর হাটের ব্যবসায়ী‌দের নির্বিঘ্নে ব্যাংক লেন‌দে‌নের সু‌বিধা‌র্থে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার শিল্প এলাকাসংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা আছে।

গত ৫ জুলাই বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’-এর জারি করা একাধিক সার্কুলারে ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশনায় ৭ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে বলা হ‌য়ে‌ছে। পরের দুদিন অর্থাৎ ৮ ও ৯ জুলাই কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংকগুলোর শাখা খোলা থাক‌বে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে বলা হ‌য়ে‌ছে।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে ওই নির্দেশনায়। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধিমোতাবেক ভাতা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া গত ৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্পসংশ্লিষ্ট এলাকায় ৮ জুলাই ও ৯ জুলাই ব্যাংক খোলা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত