একদিনেই রাজধানী ছেড়েছে ৩৫ লাখের বেশি সিম ব্যবহারকারী

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৭:০৩ পিএম

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) রাজধানী ছেড়েছেন অধিকাংশ মানুষ। আর এদিন ৩৫ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী গ্রামের পথ ধরেছেন।

ফেসবুকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের একটি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

সেখানে দেখা যাচ্ছে, এদিন ঢাকার বাইরে গেছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ। এর মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি সিম রয়েছে।

তবে মন্ত্রী গণমাধ্যমকে বলেন, অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

এর আগে বৃহস্পতিবার অফিস শেষে অনেক মানুষ ঢাকা ছাড়েন। এ ছাড়া অতিরিক্ত ভিড় এড়াতে অনেকে আগেই পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়ে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত