সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৫:২৮ পিএম

এ বছর পবিত্র ঈদুল আজহায় আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে। তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম বিভাগে গরু–মহিষ কোরবানি হয়েছে বেশি।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি ছাগল-ভেড়া, অন্যান্য ৯৬টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি গবাদিপশু কোরবানি হয়েছে।

আজ সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আট লাখ ৫৭ হাজার ৫২১টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও এক লাখ ২৮ হাজার ৮৮৫টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। খুলনা বিভাগে দুই লাখ ৫৮ হাজার ২৬৪টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি গবাদিপশু কোরবানি হয়েছে। বরিশাল বিভাগে দুই লাখ ৬৭ হাজার ৬১৪টি গরু-মহিষ ও দুই লাখ ৩১ হাজার ৩২৩টি ছাগল-ভেড়াসহ মোট চার লাখ ৯৮ হাজার ৯৩৭টি গবাদিপশু কোরবানি হয়েছে।

এছাড়াও সিলেট বিভাগে দুই লাখ এক হাজার ১৮৬টি গরু-মহিষ ও এক লাখ ৯১ হাজার ৩৯৭টি ছাগল-ভেড়াসহ মোট তিন লাখ ৯২ হাজার ৫৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে। রংপুর বিভাগে ৫ লাখ ৩১ হাজার ৯৩টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬ টি গবাদিপশু কোরবানি হয়েছে। ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮০ হাজার ৫৪৮টি গরু-মহিষ, এক লাখ ৯৫ হাজার ১৮৬টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৪৯টিসহ মোট তিন লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত