২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু এখনো ঠিক হয়নি। তাই বলে বসে নেই বাংলাদেশ। সাবেক চ্যাম্পিয়নরা আগামীবারের প্রস্তুতি শুরু করছে। শনিবার থেকে শুরু যুব ক্রিকেটারদের ক্যাম্প। এই ক্যাম্পের দায়িত্ব নিতে আসছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।
যুব দল গঠনের জন্য ৪০ জনের প্রাথমিক দল তৈরি করেছেন নির্বাচকরা। ১৪ জুলাই রিপোর্টিংয়ের পর ১৬ জুলাই থেকে ক্রিকেটারদের তিন দলে ভাগ করে বিকেএসপিতে ক্যাম্প চলবে। সেখানে অনুশীলন ম্যাচ, ফিটনেস ও স্কিল ক্যাম্পও থাকবে। এর থেকেই চূড়ান্ত যুব দল বাছাই করা হবে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। কিন্তু চলতি বছর বয়সভিত্তিক এই বিশ্বকাপের পরবর্তী আসরে একেবারেই সুবিধা করতে পারেনি যুব টাইগাররা। করোনাভাইরাসের কারণে ঠিকঠাক প্রস্তুতি নিতে না পারা এই ব্যর্থতার কারণ হিসেবে দায়ী করা হয়। এ জন্য ২০২৪ সালের বিশ্বকাপে অংশ নিতে এখনই আটঘাট বেঁধে নামছে ক্রিকেট বোর্ড।
