ঈদের পর ব্যাংক খুললেও গ্রাহক কম

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৫:৩৭ এএম

ঈদের ছুটি শেষে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। তবে অনেক ব্যাংককর্মী বাড়তি ছুটি নিয়েছেন এবং ঢাকায় এখনো ফিরতে শুরু করেনি গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া রাজধানীবাসী। ফলে স্বাভাবিকভাবেই রাজধানীর ব্যাংকগুলোতে লেনদেনের তেমন চাপ ছিল না।

গতকাল মঙ্গলবার ঢাকার সরকারি-বেসরকারি ব্যাংক শাখা ঘুরে লেনদেনের এমন চিত্র দেখা যায়। এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান, প্রথম দিনে গ্রাহকদের চাপ তুলনামূলক কম ছিল। ঈদের পর প্রথম কর্মদিবসে যারা অফিস করেছেন তারা ব্যস্ত ছিলেন সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ে। ব্যাংকের শাখাগুলোতে অলস সময় পার করছেন অনেকে।

এদিন নগদ টাকা উত্তোলন, টাকা জমা, বিল পরিশোধ, সঞ্চয়পত্রের মুনাফা তুলতেই গ্রাহকরা আসেন ব্যাংকে। গ্রাহকরা জানান, কয়েক দিন পরই ভিড় শুরু হবে। এখন ফাঁকা থাকায় লেনদেনে সুবিধা হবে।

ব্যাংক কর্র্তৃপক্ষ বলছে, ছুটির পর প্রথম দিনে তুলনামূলক লেনদেন কম হবে। রাজধানীর মিরপুরের বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের মতো গ্রাহকের লম্বা লাইন নেই। শাখার ভেতরে এক বা দুজন গ্রাহক। নগদ টাকা তোলারও চাপ নেই। আর মতিঝিলের বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহক থাকলেও তা খুবই কম।

ঈদের আগে ১ ও ২ জুলাই শুক্র ও শনিবার পশুর হাটসহ পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা ছিল। মতিঝিল সোনালী ব্যাংক লোকাল অফিসের জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘শুরুর দিনে তুলনামূলক লেনদেন কম হবে। আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হবে সবকিছু। শুরু হবে আগের মতো লেনদেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত