জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, কক্সবাজার জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক আর নেই। গত সোমবার রাত দেড়টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মরহুমার জানাজা গতকাল মঙ্গলবার বাদ আছর কক্সবাজার বায়তুল সড়ক জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বৈল্ল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
খোরশেদ আরা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি, জাপার চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ও জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
