আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৭:০০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে আহমদ মিয়া নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজি ছিদ্দিক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার রাজমিস্ত্রি মোহাম্মদ ইসহাকের ছেলে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত জানান, প্রতিদিনের মতো সকালে ঘর থেকে খেলতে বের হয় শিশুটি। বেলা ১১টার দিকে সে ঘরে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে বাড়ির সামনের পুকুরে শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে তারা। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম খোকন বলেন, মারা যাওয়া শিশুটিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু : রাজধানীর পল্লবীতে বিহারি ক্যাম্পে একটি বাড়ির পানির রিজার্ভ ট্যাংকিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম আফিয়া। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর মা জানিয়েছেন, তাদের পাশের বাড়ির পানির রিজার্ভ ট্যাংকিতে পড়ে গিয়েছিল শিশুটি। খোঁজাখুঁজির পর দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত