গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিল তামিম ইকবালের দল। ৩৫ ওভারে ১০৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার পর ২১তম ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
জয়ের জন্য মাত্র এক রান দূরত্বে দাঁড়িয়ে চার মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
ওয়ানডেতে এ নিয়ে পঞ্চমবার ৯ উইকেটে জিতল বাংলাদেশ, চলতি বছর দ্বিতীয়বার।
তবে মূল কাজটা করে দেন বোলাররা। তাদের দারুণ বোলিংয়ে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে তাদের এরচেয়ে কম রান আছে কেবল একটি।
ক্যারিবিয়ানদের সবচেয়ে বেশি ভোগান নাসুম। আগের ম্যাচে অভিষেকে দারুণ বোলিং করলেও উইকেটশূন্য ছিলেন বাঁহাতি এই স্পিনার। এবার ১৯ রানে নেন তিনটি। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
