মেসির আপত্তিতে রোনালদোকে না পিএসজির

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:৩৮ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদো চান ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে। রেড ডেভিলদের প্রাক প্রস্তুতিতে না যাওয়ায় তা আরও স্পষ্ট। তবে রোনালদোকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে না কোনো ক্লাব! সেই তালিকায় আছে পিএসজিও।

ইএসপিএন তাদের এক রিপোর্টে জানিয়েছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ রোনালদোর ব্যাপারে সরাসরি পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ও স্পোর্টস ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে কথা বলেছিলেন। কেউই রোনালদোকে দলে নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। ফ্রান্সের নির্ভরযোগ্য ফুটবলবিষয়ক সাংবাদিক লরেন্স ইউলিয়েনের মতে, রোনালদোর এজেন্ট পিএসজির কাছে ধারণা দিয়েছিলেন, যেন তারা রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কিনে নেয়। কিন্তু পিএসজিই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই খবর দিয়েছে ফরাসি গণমাধ্যম লে’ কিপও।

কয়েকদিন আগে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল নাসিওনাল জানিয়েছিল, রোনালদোকে নিয়ে পিএসজির আগ্রহে মেসি এরই মধ্যে ক্লাব কর্তাদের প্যারিস ছাড়ার ‘হুমকি’ দিয়েছেন। বিষয়টি নিয়ে পিএসজি কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজের আপত্তির কথা জানিয়েছেন তিনি। এরপরই এলো পিএসজির রোনালদোর প্রতি অনীহার খবর।

পিএসজিও মুখ ফিরিয়ে নেওয়ায় রোনালদোর পরবর্তী গন্তব্য খুঁজতে বেগ পেতে হচ্ছে তার এজেন্টকে। কারণ রোনালদোর উচ্চ বেতন-ভাতার কারণে ইউরোপের খুব বেশি সংখ্যক ক্লাবের পক্ষে তাকে দলে টানা সম্ভব নয়। রোনালদো বায়ার্ন মিউনিখ বা চেলসিতে যেতে পারেন এমন খবরও এসেছিল ইউরোপীয় গণমাধ্যমে। বায়ার্ন বলেছে, রোনালদোকে পেতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে আইন ভঙ্গ করতে চায় না তারা। আর চেলসির কোচ টমাস টুখেল চান না রোনালদোকে নিতে।

রোনালদোকে নিয়ে এমন কথাবার্তার মধ্যে ম্যানইউ’র নতুন কোচ এরিক টেন হাগ শুনিয়েছেন ভিন্ন কথা। প্রাক-মৌসুমের অংশ হিসেবে মঙ্গলবার থাইল্যান্ডে লিভারপুলের সঙ্গে ম্যাচ ছিল ম্যানইউয়ের। লিভারপুলকে ৪-০ গোলে হারানোর সেই ম্যাচে রোনালদো না খেললেও টেন হাগ জানান, পর্তুগিজ সুপারস্টার তার পরিকল্পনাতে ভালোভাবেই আছেন। ‘ব্যক্তিগত কারণে সে আমাদের সঙ্গে নেই। এই মৌসুমে আমরা রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছি। এটিই মূল কথা। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। ক্রিশ্চিয়ানো (দল-বদলে) বিক্রির জন্য নয়। আমরা এক সঙ্গে সাফল্য আনতে চাই।’

চ্যাম্পিয়নস লিগের রেকর্ড গোলদাতা রোনালদো কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ ছাড়াই মৌসুম কাটাবেন প্রশ্নটা উঠছে তাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত