ভবন নির্মাণে ‘ক্রস ভেন্টিলেশন’ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:২৭ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, যেকোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য শহর এলাকার যেকোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সমঅধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটিজ (এনএএএনডি) কমপ্লেক্সের’ স্থাপত্য নকশার উপস্থাপনাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী এ সময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু/অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত