সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:২৭ এএম

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় সাব্বির আহমেদ রকি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজের সামনে তিনি গাড়িচাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নিহত মোটরসাইকেল চালক রকি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে চাপা দেওয়া সিটি করপোরেশনের ময়লার গাড়িটি জব্দ এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গাড়ি জব্দ ও চালককে আটক করে। এছাড়া গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী দেশ রূপান্তরকে বলেন, ময়লার গাড়িটির চালক মোটরসাইকেল চালককে চাপা দিয়েই পালানোর চেষ্টা করে। তখন আশপাশের লোকজন ধাওয়া করে গাড়িসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা মকবুল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কাফরুল থানার এসআই ভাস্কর রায় দেশ রূপান্তরকে বলেন, ‘মোটরসাইকেলের নিহত চালকের বাড়ি বরিশালে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়লার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত