আজ বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। চালু থাকা ১৫৪টি ট্যানারি রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে সরকার নির্ধারিত মূল্যে লবণযুক্ত চামড়া কিনবে।
এদিকে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) ত্রুটি-বিচ্যুতি সংশোধন ও ক্রোম রিকভারি ইউনিট স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার রাজধানীর একটি ক্লাবে ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ বলেন, আধুনিক বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) সুবিধা পাওয়ার আশায় হাজারীবাগ থেকে ট্যানারিগুলো চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে বর্জ্য পরিশোধনাগারের কার্যক্রম পুরোপুরি চলছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাভারের চামড়া শিল্প নগরে বিসিকের ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) ঠিকমতো বর্জ্য পরিশোধন করতে পারছে না। লবণ পরিশোধনের ব্যবস্থা এতে নেই। মারাত্মক ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়ামও শোধন করে পুনর্ব্যবহার সম্ভব হচ্ছে না।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, সিইটিপির সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা, জমির লিজ চুক্তি সহজীকরণ, কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের কেমিক্যাল সংগ্রহের সুপারভাইজড বন্ড বহাল রাখা ও বন্ড সুবিধার আওতা বৃদ্ধি না করলে গুণগত চামড়া উৎপাদন ও রপ্তানি বাড়বে না, কর্মসংস্থান তৈরি হবে না।
নদীদূষণ বন্ধে ২০১৭ সালে ট্যানারিগুলোকে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরীতে যেতে বাধ্য করা হয়। সেখানে উৎপাদন শুরুর পরই ধলেশ^রী নদী দূষণের ঘটনা ঘটছে। পাশাপাশি হাজারীবাগের মতো শিল্পনগরে চামড়ার উচ্ছিষ্ট ফেলা হয় খোলা আকাশের নিচে।
আজ থেকে লবণযুক্ত চামড়া কেনার বিষয়টি জানিয়ে শাহীন আহমেদ বলেন, ইতিমধ্যে ১০ থেকে ১২ জুলাই ৫ লাখ ৫০ হাজার কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। এ বছর ৯৫ লাখ গরু, মহিষ, ছাগল, বকরি ও ভেড়ার চামড়া সংগ্রহ করার আশা করছেন ট্যানারি মালিকরা। চলতি বছর ৯৯ লাখ ৫০ হাজারের মতো পশু কোরবানি হয়েছে।
ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, চামড়াজাত পণ্য রপ্তানি করে চলতি বছরের জুন পর্যন্ত ১২৪ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন ট্যানারি মালিকরা।
