সমুদ্রে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:৪৭ এএম

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। বিকেলে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। তার হলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জুনিয়র ফিল্ড অফিসার মো. মোস্তফা কাদের (৪৫) ও তার ভাগ্নি নুর আক্তার জুঁই (১৭)। কাদের তালতলী এলাকায় কর্মরত ছিলেন। দুজনের বাড়ি রাজশাহী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে মোস্তফা কাদেরের পরিবারের ৫ সদস্য শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে ঘুরতে আসেন। পরে তারা সবাই সমুদ্রে গোসল করতে নামেন। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান দুজন।

তিনজন সমুদ্র থেকে কিনারায় উঠতে সক্ষম হন। এরপর প্রথমে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, কোস্টগার্ড, নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টার দিকে মোস্তফা কাদের ও ৪টার দিকে নুর আক্তার জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

তালতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আহসান হাবিব বলেন, ‘বেলা ১টার দিকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। একপর্যায়ে আমরা প্রথমে নুর আক্তার জুঁই ও পরে মো. মোস্তফা কাদেরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, উদ্ধার মরদেহগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সেই সঙ্গে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে পর্যটকদের গোসলে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত