কোনো সন্তানই চান না, তার বাবা পৃথিবী থেকে চিরকালের জন্য হারিয়ে যাক। এটাও ধ্রুব সত্য, বাবা-মা কারও চিরকাল থাকে না। তবে কিছু ক্ষেত্রে বাবা-মায়ের প্রস্থান সন্তানের জীবনে বিরাট একটি শূন্যতা তৈরি করে। যে শূন্যতা তিলে তিলে নিঃশেষ করে দেয় পরিবারের সবাইকে। শোভা’র মা মারা গেছেন তিন মাসের বেশি সময় হলো। এই তিন মাসে শোভা মায়ের শোক ভুলতে পারা তো দূরের কথা, বরং মা যেন আগের চেয়ে আরও গভীরভাবে ধরা দিয়েছে তার জীবনে।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রস্থান’। নাটকটির কেন্দ্রীয় চরিত্র শোভা’র ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা।
আজ ঈদের ৫ম দিন (১৪ জুলাই), রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই বিশেষ নাটকটি। রুম্মান রশীদ খান-এর লেখা, মাহমুদুর রহমান হিমি পরিচালিত এ নাটকে তানজিন তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।
