১৯০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রুশ ছোটগল্প লেখক ও নাট্যকার আন্তন চেখভ। তার জন্ম ১৮৬০ সালের ২৯ জানুয়ারি দক্ষিণ রাশিয়ায়। তাকে বিশ্বসাহিত্যের অন্যতম সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচনা করা হয়। সাহিত্যিক জীবনের বেশির ভাগ সময় তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন, যদিও তিনি বেশির ভাগ রোগীর চিকিৎসা করতেন বিনামূল্যে। তাই জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান আসত লেখালেখি থেকে। ১৮৭৯ সালে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি মস্কো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে ভর্তি হন। এখানে পড়ার সময় তাকে পুরো পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হয়। পরিবারকে সাহায্য করা এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগাড় করতে তিনি সমসাময়িক রুশজীবন নিয়ে ছোট ছোট হাস্যরসাত্মক নাটক বা রচনা লিখতেন, অলংকরণমূলক নকশা আঁকতেন। ১৮৮২ সালের মধ্যেই খ্যাতনামা প্রকাশক নিকোলাই লেইকিনের পত্রিকা অসকোলস্কিতে তিনি লিখতে শুরু করেন। ১৮৮৪ সালে তিনি চিকিৎসা পেশাকে প্রধান পেশা হিসেবে বেছে নেন। এর অনেক আগে থেকেই তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা আর বিখ্যাত সাহিত্যিকদের মনোযোগ আকর্ষণ করেছেন তার লেখার সাহিত্যগুণের জন্য। ১৮৮০ থেকে ১৯০৩ সালের মধ্যে প্রায় ৬০০টি সাহিত্যকর্ম রচনা ও প্রকাশ করেন চেখভ। নাট্যকার হিসেবে চেখভের আন্তর্জাতিক পরিচিতি ঘটে থ্রি সিস্টারস, দ্য সিগাল এবং দ্য চেরি অরচার্ড নাটকের মধ্য দিয়ে।
×
