নওশীন-হিল্লোলের কোলে কন্যাসন্তান

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:০৮ এএম

মা-বাবা হয়েছেন তারকা দম্পতি নওশীন ও হিল্লোল। গত ১৩ জুলাই তাদের ঘরে এসেছে নবজাতক। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। খুশির খবরটি ফেইসবুকে জানিয়ে নওশীন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের মেয়েসন্তানটি ১৩ জুলাই নিউ ইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’ স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায়, মায়ের কোলে মাহভীশা। আরেকটি ছবিতে নওশীনের পাশে বসে আছেন হিল্লোল। তার কোলে মেয়ে। দুজনই হাসিখুশি। তবে মাহভীশাকে এখনই ভক্তদের দেখাতে চান না এই দম্পতি। নওশীন ও হিল্লোল দম্পতিকে মা-বাবা হওয়ার খবরে শুভকামনা জানিয়েছেন টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকারা। অভিনন্দন জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, শিহাব শাহীন, চঞ্চল চৌধুরী, মাসুম রেজা, অমিতাভ রেজা, অপি করিম, তারিন, দীপা খন্দকার, পূর্ণিমা, রওনক হাসান, শাহনাজ খুশি, কোনাল, ফারজানা চুমকি, মৌসুমি নাগ, নাজিয়া অর্ষা, তানজিকা আমিন, টনি ডায়েস, সাজু মুনতাসীর, মারিয়া নুর প্রমুখ। বিনোদন অঙ্গনে নওশীনের পথচলা শুরু হয় রেডিওতে আরজে হিসেবে। পরে মডেলিং ও উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে, নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিল্লোল এখন ফুড ভøগার হিসেবে বেশি পরিচিত। তারা নয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত