বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও দুদিন

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০২:০৪ এএম

দেশে ভরা বর্ষা মৌসুমেও বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের তাপমাত্রা খুব বেশি না হলেও বেশ গরম অনুভূত হচ্ছে; যা অব্যাহত থাকবে অন্তত দুদিন। এদিকে পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনো বাংলাদেশের ওপর সক্রিয়। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির দেশ রূপান্তরকে বলেন, বর্ষায় বৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে মানুষের বেশি গরম অনুভূতি হচ্ছে। তবে এ অবস্থা বেশিদিন থাকবে না। আগামী ১৬-১৭ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কয়েক দিন বৃষ্টিপাত হলে তাপমাত্রা এমনিতেও কমে যায়।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া উড়িষ্যা, তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি আকারে সক্রিয় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত