সাংবাদিক তুলির লাশ পরিবারের কাছে হস্তান্তর

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০২:১৫ এএম

সাংবাদিক সোহানা পারভীন তুলির (৩৮) মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের প্রভাষক ডা. কে এম মঈনুদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে রক্তসহ অন্যান্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেলিম রেজা জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদনে যা আছে তা-ই পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান জানান, সাংবাদিক তুলির মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গত বুধবার বিকেলে রাজধানীর হাজারীবাগ এলাকার ২৯৯/৫, শেরেবাংলা নগর, রায়েরবাজারের বাসার দোতলার একটি ফ্ল্যাট থেকে সোহানা পারভীন তুলির লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের এ বাসায় থাকতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সোহানা তুলি। তিনি আমাদের সময় ও কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের মে পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত