মোহামেডানের জয় রাসেলের ড্র

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:১৭ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। মোহামেডানের হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান ওবি মনেকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ রাসেলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। রাজশাহীতে বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের ম্যাচও গোলশূন্য ড্র হয়। দুই ড্রয়ে জমে উঠেছে রেলিগেশন জোনের লড়াই।

মোহামেডানকে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে দেন ওবি মনেকে। মোরসালিনের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নেন ওবি মনেকে। তার সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডার ইউসুফ বাম্বার গায়ে লেগে দিক পাল্টে বল জড়ায় জালে। বারিধারার খেলোয়াড়রা অফসাইডের দাবি জানালেও রেফারি তাতে সাড়া দেননি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় মুষলধারে বৃষ্টির মধ্যে। অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বৃষ্টি। তবে মাঠ বেশ ভারী হয়ে যাওয়ায় প্রথমার্ধের গতি ধরে রাখতে পারেনি দুই দল। ৭০ মিনিটে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। ৮৬ মিনিটে বারিধারা ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করে। আরিফ খান জয় বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়েও বল পোস্টের ওপর দিয়ে মারেন। ম্যাচের যোগ করা সময়ে ফের গোল করেন ওবি মনেকে।

শেখ রাসেল আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল পায়নি। তারা গোলের সুযোগও পেয়েছিল যথেষ্ট, কিন্তু কাজে লাগাতে পারেনি। ২১ মিনিটে শেখ রাসেলের রক্ষণে ভীতি ছড়ায় মুক্তিযোদ্ধা। পরের মিনিটেই প্রথমার্ধের সেরা সুযোগটি নষ্ট হয় শেখ রাসেলের। আকিনাদের পাস অফসাইড ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন মোহাম্মদ জুয়েল। কিন্তু শট নিতে দেরি করে ফেলেন। ২৭ মিনিটে জালে বল পাঠায় মুক্তিযোদ্ধা সংসদের তেতসুয়াকি, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন দলটির খেলোয়াড়রা। ফলে খেলা বন্ধ থাকে প্রায় ১২ মিনিট। ৬৮ মিনিটে দারুণ সেভে শেখ রাসেলের ত্রাতা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

১৯ ম্যাচে ২৯ পয়েন্টে পাওয়া মোহামেডান গোল ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে উঠে এসেছে। সমান ম্যাচ ও পয়েন্টে পরের স্থানে পুলিশ এফসি। ২২ পয়েন্টে আটে আছে শেখ রাসেল। এদিকে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা উভয়েই নিজ নিজ ম্যাচে ড্র করায় রেলিগেশন লড়াই আরও জমজমাট হলো। ১৫ পয়েন্টে নয় নম্বরে রহমতগঞ্জ। ১৩ পয়েন্টে বারিধারা আছে দশম স্থানে। ১২ পয়েন্টে এগারোতে মুক্তিযোদ্ধা। ৯ পয়েন্ট নিয়ে সবার শেষে স্বাধীনতা।

আজ এবং আগামীকাল প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। ১৮ জুলাই মুন্সীগঞ্জে ২০তম রাউন্ডের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে সাইফকে হারালেই লিগ শিরোপা জিতে যাবে বসুন্ধরা কিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত