চেলসি থেকে বেশ কয়েকটি ক্লাব ঘুরে ২০১৯-এ ইন্তার মিলানে পাড়ি দিয়েছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। সেখানে সুখেই ছিলেন। কিন্তু গেল মৌসুমে হুট করেই ইন্তার ছেড়ে চেলসিতে যান তিনি। এই মৌসুমে ফের ধারে ইন্তারে এসেছেন লুকাকু। উপলব্ধি করে বলছেন, তার ইন্তার মিলান ছাড়ার সিদ্ধান্তটা ভুল ছিল।
প্রথম মেয়াদে ২০১১-১৪ চেলসিতে ছিলেন লুকাকু। কিন্তু সে সময় ম্যাচ খেলার তেমন সুযোগ হয়নি তার। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে তার ফেরাটাও রঙিন হয়নি। আসছে মৌসুমে ইন্তার মিলান খেলবে নতুন জার্সিতে। সেই জার্সির উদ্বোধনে এসেছিলেন লুকাকু। জার্সি উন্মোচন অনুষ্ঠানে লুকাকুকে প্রশ্ন করা হয়েছিল তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ নিয়ে। উত্তরে বলেন, ‘আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই মৌসুম। (ইন্তার ছেড়ে) আমি চলে গিয়েছিলাম এটা ভুল সিদ্ধান্ত ছিল।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০১৯ মৌসুমে ইন্তার মিলানে এসেছিলেন লুকাকু। দুই মৌসুমে ৯৫ ম্যাচে করেছিলেন ৬৪ গোল। ২০২০-২১ মৌসুমে দলটির হয়ে ইতালিয়ান লিগ জয়ে রাখেন বড় ভূমিকা। আগের মতো ফের ইন্তারে লুকাকু জ্বলে উঠতে পারবেন কিনা, সময়ই বলে দেবে। তবে আশাবাদী লুকাকু। ‘ক্যারিয়ারে আরও উঁচু পর্যায়ে খেলার সুযোগ ইন্তার আমাকে দিয়েছে। এই জার্সি পরতে পেরে আমি সত্যিই খুশি। আমরা আশা করি, আগের বছরগুলোর মতো অগ্রগতি ধরে রাখতে পারব।’
গত মৌসুমে ক্লাব রেকর্ড ৯ কোটি ৭৫ লাখ পাউন্ডে চেলসি ইন্তার থেকে লুকাকুকে দলে ভেড়ায়। কিন্তু চেলসির প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি। সেরা একাদশে নিয়মিতভাবে অনুপস্থিত ছিলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। গেল মৌসুমে চেলসির হয়ে ২৬ ম্যাচে মাত্র ৮ গোল করেন লুকাকু।
