রূপপুর এনপিপি

হাইড্রো অ্যাকুমুলেটরের পরীক্ষা চলছে রাশিয়ায়

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৫৮ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য নির্মিত প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেম (পিসিএফএস) হাইড্রো অ্যাকুমুলেটরেরে হাইড্রোলিক পরীক্ষা শুরু হয়েছে রাশিয়ার এইএম টেকনোলজির পেত্রোজাভোদস্ক কারখানায়। রূপপুর প্রকল্পের প্রতিটি ইউনিটে এ জাতীয় ৮টি হাইড্রো অ্যাকুমুলেটর স্থাপন করা হবে।

হাইড্রো অ্যাকুমুলেটরের জন্য হাইড্রোলিক টেস্ট চূড়ান্ত ধাপের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। হাইড্রো অ্যাকুমুলেটরকে উচ্চচাপে (৪.৪ এমপিএ) বিশেষভাবে ট্রিটমেন্ট করা পানি দিয়ে পূর্ণ করে ১০ মিনিটের জন্য রেখে দেওয়া হয়। চাপ কমানোর পর এগুলোর বাইরের দেয়াল পরীক্ষা করে দেখা হয়  কোনো ছিদ্র বা স্থায়ী বিকৃতি আছে কি-না।

স্টেনলেস স্টিল দিয়ে তৈরি প্রতিটি হাইড্রো অ্যাকুমুলেটরের ধারণক্ষমতা ১২০ কিউবিক মিটার। এটির রয়েছে তিনটি শেল এবং ২টি হেড। মইসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ সরঞ্জাম হাইড্রো অ্যাকুমুলেটরের ভেতরেই থাকে।

পিসিএফএস দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় (প্যাসিভ) নিরাপত্তা ব্যবস্থার অংশ। রিঅ্যাক্টরের প্রাইমারি সার্কিটে জমে থাকা তাপ অপসারণে এটি কাজে লাগে। ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরিক এসিডের তরল দ্রবণ দ্বারা পূর্ণ করা থাকে হাইড্রো অ্যাকুমুলেটরগুলো। রিঅ্যাক্টর চালু অবস্থায় যদি কোনো কারণে প্রাইমারি সার্কিটের চাপ কোনো একটি মাত্রায় নেমে আসে তখনই হাইড্রো অ্যাকুমুলেটরগুলো থেকে তরল দ্রবণ স্বয়ংক্রিয়ভাবে রিঅ্যাক্টরে প্রবেশ করে এবং অ্যাকটিভ কোরে সৃষ্ট উচ্চ তাপমাত্রা নামিয়ে আনতে সাহায্য করে।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের প্রকৌশল শাখা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ডিজাইন ও নির্মাণকাজের দায়িত্ব পালন করছে। রসাটমের মেশিন তৈরি বিভাগ এটমএনার্গোমাশের অধীনস্ত প্রতিষ্ঠান এইএম টেকনোলজি রূপপুর প্রকল্পের উভয় ইউনিটের রিঅ্যাক্টর কক্ষের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত