ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যাদের যাতায়াত আছে, তারা হাশিম মাহমুদকে খুব ভালো করেই চেনেন। তিনি গান করেন। নিজেই লেখেন, সুর করেন। নিজেই গান। তিনি রাতারাতি পরিচিতি পান ফেইসবুক-ইউটিউবে ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ গানটি দিয়ে। হাশিম মাহমুদের গান আবারও ভাইরাল। রীতিমতো এটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এবারের গানটি ভাইরাল হয়েছে এরফান মৃধা শিবলুর কণ্ঠে। এর কথা ও সুর করেছেন হাশিম মাহমুদ। আর গানটি ব্যবহৃত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায়। ‘হাওয়া’ প্রেক্ষাগৃহে আসবে ২৯ জুলাই। আর গেল ৭ জুলাই অন্তর্জালে এসেছে ‘সাদা সাদা কালা কালা’ গানটি। ফেইসবুক ও ইউটিউবের মন্তব্যে সবার দাবি, এই গান জয় করে নেবে সব শ্রেণি-পেশার শ্রোতা ও দর্শকের হৃদয়। পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, ‘চারুকলায় পড়ার সময় থেকেই হাশিম ভাইয়ের সঙ্গে পরিচয়। কত বিকেল পার করেছি হাশিম ভাইয়ের গানে। যখন এই সিনেমার কাজটি শুরু করি, তখনই ঠিক করেছিলাম গানটি সিনেমায় রাখব। ‘সাদা সাদা কালা কালা’ গানে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার কাঠ, বাঁশ, হাঁড়ি-পাতিল দিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী, আর এই অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চক্র।’ তারকাবহুল ‘হাওয়া’য় সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মন্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।
×
