খুব খারাপ সময় ঐক্যের বিকল্প নেই : কাদের

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:৩১ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময়, এই সময়ে ঐক্যের বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে  কেউ কিছু করতে পারবে না।’

গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব, বন্যা ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে কঠিন সংগ্রামে অবতীর্ণ হয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বে যুদ্ধের প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ায় আজকে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। মূল্যবৃদ্ধির বিষয়টি মূল্যস্ফীতি অবাক লাগে, শ্রীলঙ্কার কথা বাদ দিলাম। আজকে ইংল্যান্ড আমেরিকায় ৯ দশমিক ১ মূল্যস্ফীতি। সর্বত্রই জিনিসপত্রের দাম বাড়ছে। বাংলাদেশকে এ বাস্তবতার কঠিন সময়ে আজকে অগ্রসর হতে হচ্ছে।’

দেশের মানুষ যাতে ঘুমাতে পারে এজন্য শেখ হাসিনা সারা রাত জেগে থাকেন মন্তব্য করে কাদের বলেন, ‘তিনি জেগে আছেন, আমরা যাতে ঘুমাতে পারি, এ দেশের মানুষ যেন ঘুমাতে পারে। এই পর্যন্ত পরিস্থিতি তিনি সামাল দিয়ে যাচ্ছেন। শক্ত করে হাল ধরে আছেন।’

শেখ হাসিনার কারাবন্দি দিবসের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সেদিন যদি এদেশের রাজনীতিকদের একটা অংশ ওই সরকারের সঙ্গে সহযোগিতা না করত বাংলাদেশে ওয়ান ইলেভেন টিকতে পারত না। এগিয়ে নিয়ে যাওয়া কঠিন ছিল। অনেক রাজনীতিক সেদিনকার সেই তত্ত্বাবধায়ক সরকারের সাথে যোগসাজশ করে রাজনীতিকে মাইনাস ফর্মুলায় নিয়ে গিয়েছিল।’

কারও নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমি বলব, আমাদের শত্রু-মিত্র চিনতে হবে। একটা কথা আছে, একবার যে বিশ্বাসঘাতক সে বারে বারে বিশ্বাসঘাতক। আওয়ামী লীগের কর্মীদের হুঁশিয়ার থাকতে হবে। সতর্ক থাকতে হবে।’

বিএনপিকে রাজনীতির মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খেলা হবে... খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন, খেলায় আসুন, নির্বাচন আর রাজনীতির মাঠে খেলায় আসুন। আগুন নিয়ে খেলবেন না, আমরা প্রতিহত করব। আওয়ামী লীগ জনগণকে নিয়ে সেই আগুনের খেলা প্রতিরোধ করবে।’

ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে এই দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো আছে। তারা আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতায় থাকা মানতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হবে, এদেশ এগিয়ে যাবে। এই জন্য তাদের আমাদের প্রতি ভীতি আছে।’

তিনি বলেন, ‘আজ আমাদের অঙ্গীকার করতে হবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার। তাদের ষড়যন্ত্রকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত