ফেরদৌস ওয়াহিদের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:৩৭ এএম

নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার রাতে এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তার ছেলে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ৬৯ বছর বয়সী ফেরদৌস ওয়াহিদ কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

গতকাল শনিবার ফেরদৌস ওয়াহিদের এনজিওগ্রাম করা হয়েছে বলে জানিয়েছেন হাবিব ওয়াহিদ।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকার বারডেম হাসপাতালে তাকে ভর্তি করা হয় জানিয়ে হাবিব বলেন, ‘আমার বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’ ২০২০ সালের আগস্টে করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন ধরে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন তিনি।

সত্তরের দশকে কর্মজীবন শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আমার পৃথিবী তুমি, ওগো তুমি যে আমার কত প্রিয়, আমি এক পাহারাদার, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম, মামুনিয়া ও আগে যদি জানতাম প্রভৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত