বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৭:৩৮ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। গত শুক্রবার রাতে পাগলা বৈরাগী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ওই কিশোরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। আসামিরা হলো পাগলা বৈরাগী বাড়ি এলাকার অজয় ম-ল (২৬), একই এলাকার শাওন (২৭) ও রনি (১৮)।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাগলা বৈরাগী বাড়ি এলাকায় বান্ধবী শ্রাবন্তীর বাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী। সেখানেই রাত্রিযাপন করে। পরদিন শুক্রবার সকালে সে নয়মাটিস্থ তার বড় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে পুনরায় বান্ধবীর বাড়িতে চলে আসে। রাত পৌনে ১০টার দিকে বান্ধবীর বাড়ির পার্শ্ববর্তী দোকানে খাবার কিনতে গেলে তার গলায় ছুরি ঠেকিয়ে পাগলা বৈরাগী বাড়ি এলাকার অভিযুক্ত শাওনের বাসায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বখাটেরা। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত ১টার দিকে তার জ্ঞান ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ বিপ্লব জানান, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে।

স্কুলছাত্রী ধর্ষণের শিকার : চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রীর বাবার দোকানেই কাজ করত রুবেল মিয়া। তার বাবা দোকানের বকেয়া আদায়ের জন্য বাইরে যান। এসময় দোকানে বসেন তার স্ত্রী। আর এই সুযোগে দোকান কর্মচারী রুবেল টিভি দেখবে বলে বাসায় যায়। বাসায় তাকে একা পেয়ে ধর্ষণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত