দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে। গত এক দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১ হাজার ৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন এবং ভাইরাসটিতে ২৯ হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
অধিদপ্তরের তথ্যমতে, মহামারীর শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৩৪ হাজার ১৮১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৫৭ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৫৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হলো ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। পরে ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
