তথ্যপ্রযুক্তি নারীর জন্য সম্ভাবনাময় খাত হলেও এ খাতে তাদের অংশগ্রহণ অনেক কম। এ খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে এবং এর জন্য স্কুল পর্যায় থেকেই কাজ শুরু করতে হবে। মনোযোগী হতে হবে সাইবার বিশ্বে নারীর নিরাপত্তার বিষয়টিতে।
গত শনিবার প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসেস সভাকক্ষে ‘বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার’Ñ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক সামিরা জুবেরী হিমিকা এসব কথা বলেন।
চারটি পর্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মূলত বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে বেসিসের উইমেন্স ফোরামের কার্যক্রম, সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি বিষয় অধ্যয়নে নারীদের অংশগ্রহণ এবং এ বিষয়ে তাদের ক্যারিয়ার গড়ে তোলার সম্ভাবনা এবং সমস্যা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ফোরামের অন্যতম সদস্য রেজওয়ানা খান এবং আছিয়া খালেদা নীলা সঞ্চালনায় বিভিন্ন পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রোটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার নাজমুস সালিহিন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ মেখলা সরকার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, বিডব্লিউআইটি-র পরিচালক প্রফেসর নোভা আহমেদ, গ্রামীণফোনের উপ-পরিচালক শায়লা রাহমান এবং ক্লাসটিউন-এর ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস, এটুআই-এর পরামর্শক ভাস্কর ভট্টাচার্যি ও ন্যাশনাল কনসালটেন্ট নাহিদ শারমিন উপস্থিত ছিলেন।
