আগামী ২৭ জুলাই ঢাকায় হতে যাওয়া উন্নয়নশীল আট মুসলিম রাষ্ট্রের জোট ডি-৮-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার।
এ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। দেশটির সরকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়ালকে না পাঠিয়ে প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হিনা।
এ ছাড়া হিনার সঙ্গে ঢাকা আসছে পাকিস্তানের ৮ সদস্যের উচ্চপর্যায়ের একটি বিজনেস ডেলিগেশন এবং একটি কালচারাল টিম। ঢাকা ও ইস্তাম্বুলস্থ ডি-৮ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন। সে সময় ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি। এটাই ছিল দেশটির কোনো মন্ত্রীর সর্বশেষ বাংলাদেশ সফর। এরপর থেকে দীর্ঘ সময় ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক টানাপড়েনের মধ্যদিয়ে গেছে; যা সাম্প্রতিক বছরগুলোতে তৃতীয় দেশের মধ্যস্থতায় ইউটার্ন নিয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
