সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৬:০২ এএম

সরকারের আশ্রয়-প্রশ্রয়ে সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে বলে মনে করে দেশের শীর্ষ দুই বামদল বাংলাদের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।  সাম্প্রদায়িক অপশক্তি ও চলমান দুঃশাসনের অবসান ঘটাতে যার যার অবস্থান থেকে রাজপথে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান দলগুলোর শীর্ষ নেতারা।

নড়াইলে সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার  আলাদা-আলাদা বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান দলগুলোর শীর্ষ নেতারা।

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘এখনকার ও অতীতের ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাম্প্রদায়িকতাকে লালন-পালন করেছে। ক্ষমতার অন্যতম ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আজ অচেনা। সমাজে সাম্প্রদায়িকতা খুঁটি গেড়ে বসেছে। একে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি, গোষ্ঠীস্বার্থে, ক্ষমতার স্বার্থে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, দেশে অব্যাহতভাবে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, ভূমিদখলের ঘটনা ঘটলেও সরকার-প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।  বরং তাদের নানাভাবে আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ফলে একের পর এক হামলা নির্যাতনের ঘটনা ঘটাতে সাম্প্রদায়িক অপশক্তি এত সাহস দেখাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত