‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’-এর জন্য মনোনীত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গৌরবময় অর্জনের জন্য এবং ‘বঙ্গবন্ধু ও তার শান্তি দর্শন: আন্তর্জাতিকীকরণ ও বিশ্বরাজনীতিতে প্রাসঙ্গিকতা’ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এই গৌরবময় অর্জনের পেছনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী, বিদেশের বাংলাদেশ মিশনসমূহে নিয়োজিত রাষ্ট্রদূত/হাইকমিশনার/মিশনপ্রধানসহ কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে জনপ্রশাসন পদকের জন্য চূড়ান্তভাবে মনোনয়নের সংবাদে সরকারি সফরে বর্তমানে ইন্দোনেশিয়া অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের সমন্বিত ফলস্বরূপ জনপ্রশাসন পদকের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ সম্ভব হয়েছে।
