প্রতি ঈদেই টিভি চ্যানেল ও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পায় শত শত নাটক। এসব নাটকের ভিড়ে কিছু নাটক মানুষের মনে গেঁথে থাকলেও বেশিরভাগ নাটকই হারিয়ে যায়। এবারের ঈদুল আজহাতেও প্রচুর নাটক প্রচারিত হয়েছে। সেসব নাটকের ভিড়ে কিছু নাটকের নাম মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা করছেন কেউ কেউ।
এবার ঈদে প্রচার হওয়া শত শত নাটকের ভিড়ে সাড়া ফেলেছে মহিদুল মহিম পরিচালিত নাটক ‘দরদ’। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, তানজিন তিশা এবং ছোট্ট মুনতাহা এমেলিয়া।
এদিকে অপূর্ব ও সাবিলা নূর অভিনীত ‘আপনজন’ নাটকটিও প্রশংসিত হয়েছে। প্রবাসী কামরুল চরিত্রে অপূর্বর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সিএমভির ব্যানারে নির্মিত ‘আপনজন’ নামের এই বিশেষ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মুরসালিন শুভ।
মধ্যবিত্ত জীবনের নানা টানাপড়েন আর ট্র্যাজিক গল্প নিয়ে নির্মিত ‘একজন মধ্যবিত্ত বলছি’ও বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদুল আজহায় ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি। মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য ও পরিচালায় নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান, কেয়া পায়েল, মনিরা আক্তার মিঠু, জিল্লুর রহমান, রাশেদ এমরান, প্রীতি চৌধুরীসহ আরও অনেকে। কাজল আরেফিন অমির নাটক মানেই হিট। অমির ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর রমজান’ নাটকগুলো ব্যাপক আলোচিত হয়। একইভাবে এবার প্রচারিত হয়েছে ‘ব্যাচেলরস কোরবানি’। ঈদের দিন ধ্রুব টিভির ইউটিউবে প্রচার হয়। এ নাটকটিও ব্যাপক সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, পলাশ, শিমুল, মনিরা মিঠু, সানজানা রিয়া, পারসা ইভানা, আশুতোষ সুজন, আবদুল্লাহ রানা, বাচ্চু প্রমুখ। ‘ব্যাচেলরস কোরবানি’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। গত ১০ জুলাই মুক্তি পায় এটি। এদিকে ইউটিউব ট্রেন্ডিংয়ে অমির ‘গুড বাজ’ নাটকটিও এগিয়ে রয়েছে। গত ১২ জুলাই মুক্তি পেয়েছে এটি। এ নাটকের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাফা কবির, পারসা ইভানা প্রমুখ।
মোশাররফ করিম অভিনীত বহুল আলোচিত নাটক ‘যমজ’। ঈদুল আজহা উপলক্ষে এ সিরিজের ১৫তম সিক্যুয়েল নির্মাণ করেন পরিচালক আজাদ কালাম। আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি বেশ ভালো অবস্থানে রয়েছে। গত ১২ জুলাই মুক্তি পায় এটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারিয়া শাহরিন, ফারুক আহমেদ প্রমুখ।
ইউটিউব ট্রেন্ডিংয়ে এগিয়ে রয়েছে ‘জান কোরবান’ নাটকটি। সাহেদ আলী পাপ্পু ও তৌসিফ মাহবুবের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য-পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। গত ৮ জুলাই মুক্তি পায় নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌসিফ মাহবুব, শেলী আহসান, কচি খন্দকার, শিখা মৌ প্রমুখ।
জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘এক্সচেঞ্জ রিটার্নস’ নাটকটিও ব্যাপক আলোচিত হয়েছে। গত ১২ জুলাই মুক্তি পায় এটি। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, হিমি হাফেজ, বাশার বাপ্পি প্রমুখ।
এদিকে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে জানা গেল, এবার চেনা গল্পের নাটকগুলো মন ছুঁয়েছে দর্শকের। পারিবারিক গল্প, মধ্যবিত্ত জীবনের টানাপড়েন দর্শক টেনেছে। পাশাপাশি ট্রেন্ডি গল্প ও ভাইরাল টপিক নিয়ে নির্মিত নাটকও দর্শক লুফে নিয়েছেন।
