নিজস্ব মেকানিক্যাল কি-বোর্ডে প্রথমবারের মতো ‘সোয়াপএবল সুইচ’ ফিচার দিচ্ছে হার্ডওয়্যার নির্মাতা কোর্সেয়ার। নতুন এই ফিচারের মাধ্যমে সহজেই কি-বোর্ডের বাটন অদলবদল করতে পারবেন ব্যবহারকারী। মেকানিক্যাল কি-বোর্ডে ‘হট-সোয়াপএবল সুইচ’ ফিচারটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে, যা ব্যবহারকারীকে পুরোপুরি নতুন কি-বোর্ড কেনার প্রয়োজনীয়তা ছাড়াই টাইপিংয়ের জন্য সম্পূর্ণ ভিন্ন কি-বোর্ডের অনুভূতি দেয়।
সোয়াপএবল সুইচ থাকা কোর্সেয়ারের কি-বোর্ডটির নাম ‘কে৭০ প্রো মিনি ওয়্যারলেস’। তারবিহীন সংস্করণের এই কি-বোর্ডের দাম ১৭৯.৯৯ ডলার।
নতুন এই ফিচারে তুলনামূলক ‘কম পরিচিত সুইচ’ ব্যবহারের সুবিধা রয়েছে, যেগুলো কি-বোর্ডে প্রি-ইনস্টল করা কঠিন হতে পারে। মূলধারার গেমিং ব্র্যান্ডে সোয়াপএবল সুইচ সমর্থনের ঘটনা এখনো বিরল। এই ফিচার সমর্থন করা কয়েকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের একটি হচ্ছে লজিটেক। ‘চেরি এমএক্স রেড’ বা ‘চেরি এমএক্স স্পিড সিলভার’ সুইচের যেকোনো একটি থাকবে কোর্সেয়ার ‘কে৭০ প্রো মিনি ওয়্যারলেস’ কি-বোর্ডে। এর মধ্যে সিলভার সুইচটি তৈরি হয়েছে গেমারদের কথা বিবেচনা করে। পাশাপাশি, সুইচটি এমনভাবে নকশা করা যেন এটি দ্রুতগতিতে কাজ করতে পারে।
ব্যবহারকারী যদি তারযুক্ত কি-বোর্ড ব্যবহার করেন, তাহলে আট হাজার হার্টজ পর্যন্ত ‘পোলিং রেট’ দেবে এটি। এর মানে সংযোগ করা কম্পিউটারে অন্যান্য কি-বোর্ডের তুলনায় প্রায় আট গুণ দ্রুত ‘কি প্রেস’ রিপোর্ট করবে এটি। এর ফলে ‘কি প্রেস’ কমান্ডে গড় বিলম্ব প্রতি মিলিসেকেন্ডে এক-চতুর্থাংশেরও কম হয় বলে দাবি করছে কোর্সেয়ার।
কোনো ব্যবহারকারী পিসিতে তারবিহীন সংযোগ করতে চাইলে ব্লুটুথ বা ইউএসবি ডংগল ব্যবহারের সুবিধাও রয়েছে, যেখানে কি-বোর্ড সর্বোচ্চ তিনটি পর্যন্ত ‘পেয়ার্ড ডিভাইস’ স্মরণ রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
