নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুরের পিরুজালী গ্রামে নুহাশ পল্লীতে নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ করা হয়। বেলা ১১টায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার দুই ছেলে নিশাত ও নিনিত হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। এ সময় ভক্ত, হিমু পরিবহনের সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারাও এ কর্মসূচিতে অংশ নেন।
শাওন সাংবাদিকদের বলেন, ‘নুহাশ পল্লীতে দ্রুতই হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে। হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল ক্যানসার হাসপাতাল নির্মাণ করার। সেটা একার পক্ষে সম্ভব না হলেও তার স্মৃতিতে জাদুঘর নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব। আশা করছি, শিগগিরই কাজ শুরু করতে পারব।’
এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি ও অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদের স্মৃতি ধরে রাখতে সরকারি, বেসরকরি অথবা পারিবারিক উদ্যোগে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা জরুরি। এ উদ্যেগে তারা পাশে থাকবেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে স্থানীয় দুটি মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
