আইএমএফের ঋণ এ মুহূর্তে লাগবে না : অর্থমন্ত্রী

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:১৫ এএম

এ মুহূর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ লাগবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আইএমএফের ঋণের কোনো প্রস্তাব আমরা পাইনি, আমরাও দেইনি। ঋণ নেওয়া হলে আপনারা জানতে পারবেন।’ 

গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অপরদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গতকাল আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার-সংকট নিরসনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চাওয়া হয়েছে। তারা দিতে রাজিও হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ ঋণের প্রস্তাব দিলেও এ মুহূর্তে বলব না। যদি প্রস্তাব আসে, আমাদের প্রয়োজন থাকলে নিব। তবে এ মুহূর্তে আইএমএফের ঋণের প্রয়োজন নেই। ঋণ নিলেও আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু আমরা করব না। আমরা দেশের স্বার্থে কাজ করি।’ 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। রিজার্ভে এখন যে পরিমাণ অর্থ আছে, তা দিয়ে ছয় মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। তাই বৈদেশিক মুদ্রা ব্যয়ে সরকার সতর্কতা অবলম্বন করছে। বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জ¦ালানি সাশ্রয়ে পরিকল্পিত লোডশেডিং করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের ঋণের বিষয়ে আপনাদের অনেকের মনে কিছু সংশয়, দ্বিধা কাজ করে। আমরা এমন কিছু নেব না, এমন চুক্তি করব না, যা দেশের উপকারে আসবে না।

তিনি বলেন, ‘আইএমএফ ভেবেচিন্তে পরামর্শ দেয়। তাদের পরামর্শ সরকারের জন্য উপকারী। তারা সংস্কারমুখী কিছু পদক্ষেপ নিতে বলেছে। চলতি অর্থবছরের বাজেটে আমরা ঠিক করেছি, কোন কাজটা কীভাবে করব। এসব যদি করতে পারি দেশের জন্য তা ভালো হবে। সাধারণত আইএমএফের প্রস্তাব আমরা গ্রহণ করি।’

অর্থমন্ত্রী বলেন, বিশে^র বিভিন্ন দেশে যেভাবে রিজার্ভ হিসাব করা হয়, আমরা সেভাবেই হিসাব করেছি। সেভাবেই হিসাব করে যাব। এতে আইএমএফ আমাদের যে ঋণ-সহায়তা দিয়েছে। তারা কি সে অর্থ ফেরত পায়নি? তারা বলতে পারবে না, নির্ধারিত দিনের একদিন পরে তাদের পেমেন্ট করেছি। আমরা তাদের ঋণ সময়মতো পরিশোধ করছি। ঋণ পরিশোধে কখনো ফেল করিনি।’

দেশের অর্থনৈতিক অস্থিরতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সারা বিশ^ অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা বিশে^র খোঁজ-খবর রাখছি। নিজেদের কীভাবে অ্যাকোমোটেড করা যায় সেটাও চিন্তা করি।

আইএমএফ বলছে, এশিয়ার কয়েকটি দেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশে এমনটা হবে না। মূল্যস্ফীতি কখনো দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে হয় না। মূল্যস্ফীতির গড় হয়, সেটা আপনারা একবারও বলেন না। গড় মূল্যস্ফীতি হিসাবে নিলে আপনারা হালনাগাদ তথ্য জানতে পারবেন। মূল্যস্ফীতির গড় হিসাব হয় বাৎসরিক। এখন গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৯০ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত