চলে গেলেন আশির দশকে ‘সুরুজ মিয়া’ চলচ্চিত্রের পরিচালক দেওয়ান কাজল আরেফিন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার ভাই জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, কাজল আরেফিন দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করছিলেন। গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে আসেন।
১৯৪৮ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামে। ‘সুরুজ মিয়া’ সিনেমাটি ১৯৮৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তারিক আনাম খানের নায়িকা ছিলেন রোজিনা। এ ছাড়া অভিনয় করেছেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা। তিনি বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’।
